মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
তাহেরীর আগমন কেন্দ্র করে মুরাদনগরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আলোচিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এই ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে দশজন আহত হয়। শেষ খবর পাওয়া পযর্ন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আহতরা হলেন- নিজাম উদ্দিন (৩০), ইয়াসিন (৩৫), রুবেল মাঝি (২৫), মনির হোসেন (৩৫), জুয়েল (২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার, ডালিম সরকার।
জানা যায়, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকির বাড়ীতে আগামী ২১ ফেব্রুয়ারি শুক্রবার মাহফিলে আলোচিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আলোচিত এই বক্তার আগমন প্রতিহত করতে এলাকার আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। শুক্রবার জুম্মার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ীর সামনে আসার পর সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করলে মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এসময় উভয় পক্ষের মোট ১০ জন আহত হয়।
মিছিলকারী হানিফ মাঝি বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা করে আমাদের অনেক মানুষকে আহত করে। আমরা এর বিচার চাই।
মাহফিলের আয়োজক রবিউল বলেন, মিছিল নিয়ে মাজার ভেঙে দিতে আসছে এমন খবরে নারী পুরুষরা বাধা দেয়। এসময় তাদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, পুলিশ পাঠিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
পিডিএস/এমএইউ









































